ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে আসতে শুরু করছেন নেতাকর্মীরা। মোটা লাঠি, বাঁশ, পাইপ সঙ্গে নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে যেতে থাকেন দলের কর্মী-সমর্থকরা। এছাড়া বিভিন্ন এলাকা থেকে পিকআপে, বাসে, মোটরসাইকেলে শোভাযাত্রা আকারে সমাবেশে যোগ দিতে যেতে দেখা গেছে। এসময় তাদের জয়বাংলা, নৌকা, ডাইরেক্ট অ্যাকশন বলে স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশস্থলের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, জাতীয় ঈদগাহের গেট থেকে মৎস্য ভবনের আগ পর্যন্ত এক লাইনে অবস্থান নিয়েছেন কর্মীরা। তাদের অনেকের হাতেই লাঠি নিয়ে অবস্থান করতে দেখা যায়। এছাড়া বিভিন্ন মিছিল সচিবালয়ের সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে সমাবেশস্থলে যাচ্ছেন মিছিল নিয়ে। মিছিলে প্রায় অনেকের হাতেই লাঠি এবং মোটা পাইপে দেশের পতাকা ঝুলতে দেখা গেছে।
অন্যদিকে শাহবাগে দেখা যায়, বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সেখানে। তাদের হাতে হাতেও মোটা লাঠি। শাহবাগ থেকে পায়ে হেঁটে গুলিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন তারা।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে মোটা মোটা লাঠি নিয়ে আসার নির্দেশ দেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।