অবরোধে রাজপথে অবস্থান নেওয়া আমাদের অধিকার: শেখ পরশ

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আপনারা সজাগ ও সচেতন থাকবেন। বিএনপি-জামায়াত মাঠে নামলে সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিক বন্ধু ও বিচার বিভাগ কেউ নিরাপদ না। সুতরাং আপনাদের রাজপথে থাকতে হবে, যাতে তাদের মুখোশ উন্মোচিত হয় এবং আমাদের সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে। তাই বিএনপি-জামায়াত অবরোধ দিলে আমাদেরও রাজপথে অবস্থান নিতে হবে। এটা আমাদের অধিকার, সাধারণ জনগণের অধিকার।

বুধবার (১ নভেম্বর) বিএনপি-জামায়াতের ‘পুলিশ হত্যা, মসজিদ-হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও সাংবাদিকদের ওপর হামলার’ প্রতিবাদে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সংসদীয় আসনভিত্তিক অবস্থান কর্মসূচি পালন করা হয়।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘তারেক রহমান এ দেশের অর্ধশিক্ষিত, ধর্মভীরু মানুষের ওপর ভর করে দেশে মিথ্যাচারের মাধ্যমে, সাম্প্রদায়িকতার বীজ বপনের করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। রাজনীতিবিদরা মানুষের অধিকার আদায় করে সংগ্রামের মাধ্যমে। রাজনীতিবিদরা রাজনৈতিক পথ অনুসরণ করে গণমানুষের পাশে দাঁড়ানোর স্পৃহা দেখায়। সেটা দেখানোর বিন্দু পরিমাণ ইচ্ছাও নাই বিএনপির।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশি নেতারা দেশের উন্নয়নে প্রশংসা করছে। এ দেশের মধ্যে বিরাজ করছে শান্তি ও অসাম্প্রদায়িক পরিবেশ। বিএনপি-জামায়াত ২০০১ সালে ক্ষমতায় এসে আমাদের ভিন্ন মতাদর্শী ও সংখ্যালঘুদের ওপর কীভাবে অত্যাচার করেছে। তার প্রমাণ আপনাদের সবার কাছেই আছে। জামাত-বিএনপির মূল উদ্দেশ্য এ দেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালিত করা এবং একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘পুলিশ বাহিনী, সংবাদ মাধ্যম ও বিচার বিভাগ বিএনপি-জামায়াতের চক্ষুশূল। এর আগেও তারা বিচারালয়ে, সাংবাদিক ও পুলিশের ওপর হামলা করেছে। তাদের উদ্দেশ্য দেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, জঙ্গি রাষ্ট্রে পরিণত করা। ’

এ সময় আরও উপস্থিত ছিলেন– যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

এদিন ঢাকা-২ আসনের কামরাঙ্গীরচর হাসপাতালে মাঠ, ঢাকা-৪ আসনের ধোলাইপাড় মোড়, ঢাকা-৫ আসনের শনিরআখড়া-দনিয়া, ঢাকা-৬ আসনে ভিক্টোরিয়া পার্ক, ঢাকা-৭ আসনে চকবাজার মোড়, ঢাকা-৮ আসনে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়, ঢাকা-৯ আসনে কমলাপুর স্কুলের সামনে, ঢাকা-১০ আসনে ধানমন্ডি-৩২ নম্বরে ও ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ঢাকা-১২ আসনে যুবলীগ চত্বর, ফার্মগেট, ঢাকা-১৩ আসনে শ্যামলীত, ঢাকা-১৪ আসনে গাবতলীত, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ নম্বর গোল চত্বর, ঢাকা-১৬ আসনে মিরপুর-১১ বাসস্ট্যান্ড, ঢাকা-১৭ আসনে মহাখালী কাঁচা বাজার ও ঢাকা-১৮ আসনে আজমপুর উত্তরায় যুবলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।