জাপার চুন্নুকে আটকাতে ইসিতে আপিল নৌকার প্রার্থীর

কিশোরগঞ্জ-৩ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান। এবার জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন তিনি। শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে হাজির হয়ে তিনি এই আবেদন করেন।

এর আগে মনোনয়নপত্র বাছাইয়ে এই আসনে জাতীয় পার্টির মহাসচিবের মনোনয়নপত্র বৈধ হয়েছে, আর হলফনামায় অসত্য তথ্য দেওয়ায় নাসিরুলের মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি সাংবাদিকদের বলেন, ‘বাছাইয়ে আমার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরদিন ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আমার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছি। আজ ঋণখেলাপের অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী মজিবুল হক চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করলাম।’

আবেদনে তিনি জানিয়েছেন, ‘রূপালী ব্যাংকের পুরানা পল্টন করপোরেট শাখায় থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মুজিবুল হক দীর্ঘদিন খেলাপি আছেন। অতএব, তিনি কীভাবে এমপি মনোনয়নের জন্য আবেদন করতে পারেন।’ আইন অনুযায়ী, ওই মনোনয়নপত্র বাতিল যোগ্য বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, ‘বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন চুন্নু, যার জরুরি ভিত্তিতে তদন্ত হওয়া দরকার।’

অন্যদিকে কিশোরগঞ্জ-৩ আসনে ফৌজদারি মামলা থেকে অব্যাহতির কাগজ দেখাতে না পারায় আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।