আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা অন্ধকার থেকে বক্তৃতা করে। কুয়াশার মধ্যে ১০ থেকে ১২ জন নিয়ে মিছিল বের করে। এটা নাকি আন্দোলন? বিএনপি ভুয়া, নেতা নাই। আন্দোলন করবে কাকে নিয়ে? বিএনপির নেতা নেই। নির্বাচন করবে কাকে নিয়ে?
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার উদ্বোধন করার পর বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত, সমমনা দল সব ভুয়া। বিএনপি হাঁটুভাঙা, মাজাভাঙা, কোমরভাঙাদের নিয়ে এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে। বিএনপি আন্দোলন করে এই বছর পারলো না। আগামী বছর আন্দোলন শুরু হবে। রোজার ঈদ, কোরবানির ঈদ করে পাঁচ বছর কেটে যাবে বিএনপির। পরের পাঁচ বছরের শেষে গিয়ে আবার আন্দোলন করবে।
বিএনপির ২০ হাজার নেতাকর্মী জেলে বন্দি থাকার অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি পুরোপুরি খবর নিয়ে জেনেছি, জেলে আছে ১১ হাজার। আজ জামিন পেয়ে দুই হাজার বের হয়েছেন। ২১ হাজার ভুয়া। বিএনপি ভুয়া, মিথ্যাচার করে। বিএনপির নেতারা ভুয়া।
তিনি বলেন, দেশে আসতে তারেকের সাহস নেই। দেশে এসে মোকাবিলা করতো, রাজপথে থাকতো, জেলে যেতো। জেলে যেতে যার ভয় লাগে, সে তো ভুয়া।
নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, আইআরআই জরিপ করে বলেছে, দেশের ৭০ শতাংশ মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।