‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ে ২ দিনের গোলটেবিল বৈঠক করবে আ.লীগ

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে দুই দিনব্যাপী গোলটেবিল বৈঠক করবে দলটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের উপকিমিটর তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির গঠন করা সাতটি টাস্কফোর্স এবং একটি সাইবার মনিটরিং টিম থেকে পেপার উপস্থাপন করা হবে। গোলটেবিল বৈঠক থেকে পাওয়া সুপারিশ স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন আয়োজকরা।

সভায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ‘টাস্কফোর্স অব পাওয়ার, টাস্কফোর্স অব এনার্জি, টাস্কফোর্স অব স্মার্ট বাংলাদেশ, টাস্কফোর্স অব বাংলাদেশ রেলওয়ে, টাস্কফোর্স অব কমিউনিকেশন্স, টাস্কফোর্স অব আমার গ্রাম আমার শহর এবং টাস্কফোর্স অব সাইবার মনিটরিং টিমের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ কো হচ্ছে। এই টাস্কফোর্সগুলোতে দেশের প্রথিতযশা ব্যাক্তিরা রয়েছেন। শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন করতে এই টাস্কফোর্সগুলো থেকে বিশেষ সুপারিশ করা হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও উপকমিটির চেয়ারম্যান ড. হোসেন মনসুরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— উপকমিটির সদস্য প্রকৌশলী নূরুল হুদা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামসহ অন্য সদস্যরা।