আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। ঐক্যবদ্ধ শক্তি আমাদের আরও শক্তিশালী করবে।
শনিবার (৯ মার্চ) বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা বিশ্বাস করে, তাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। এরপরও কেউ যদি অপ্রয়োজনে অথবা নিজের স্বার্থের জন্য বঙ্গবন্ধুর আদর্শের শক্তিকে পরাজিত করে আত্মতৃপ্তি পায়, তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা থাকবে না। যাদের অসৎ উদ্দেশ্য থাকে তারা সব সময় পরাজিত হয়।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে আজকের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক উন্নত দেশ আজ বাংলাদেশকে দেখে বিস্ময়ভরা চোখে তাকিয়ে থাকে। এসব কিছু সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। তার কারণে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এত উন্নয়নের পরও একটি গোষ্ঠী বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে।’
নাছিম বলেন, ‘ওই শক্তি দেশবিরোধী অপশক্তি। তারা দেশের মানুষকে শান্তি দিতে জানে না। দেশের মানুষের মুক্তি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে তারা কোনও কাজ করে না। শেখ হাসিনা মানুষের জন্য যে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা সেই চলার পথকে বাধাগ্রস্ত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। তারা আমাদের অর্থনীতির ওপর আঘাত আনতে চায় বারবার। তাদের বিরুদ্ধে আমাদের যার যার অবস্থান থেকে সজাগ থাকতে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশনের কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম, দফতর সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার প্রমুখ।