দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের হুঁশিয়ার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঘরের ভেতর ঘর করবেন না, মশারির মধ্যে মশারি খাটাবেন না। শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। শেখ হাসিনার শাস্তি দেওয়ার পদ্ধতি একটু ভিন্ন রকম। যারা শাস্তি পেয়েছেন তারা ঠিকই বুঝেছেন, আর যারা পাননি তাদের স্মরণ করিয়ে দিচ্ছি।’
শুক্রবার (১৭ মে) বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘অপকর্ম যারা করেন, শুদ্ধ হয়ে যান। মনে করেছেন— (শেখ হাসিনা) চুপচাপ আছেন, কেউ শাস্তি পাচ্ছে না কেন? শাস্তি পাবে। গত জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ এমপি মনোনয়ন পায়নি, এটাও শাস্তি। এখানে সব শেষ নয়। শাস্তি দেওয়ার অনেক সময় আছে। সময় মতো হিসাব হবে, কেউ রেহাই পাবেন না।
দলের মধ্যে অন্তকোন্দল না করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘নিজেদের শত্রু নিজেরা না হই। আপন ঘরে যাদের শত্রু, তাদের বাইরের শত্রুর দরকার নেই। মুখে বলবেন বঙ্গবন্ধু, শেখ হাসিনা... তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কবি নির্মলেন্দু গুণ, শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, শহীদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীমের কন্যা ডা. নুজহাত চৌধুরী প্রমুখ।