প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষার ঝুড়ি নিয়ে চীন গেছেন, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভিক্ষার ঝুড়ি নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে তাদের (বিএনপি) অর্থমন্ত্রী সাইফুর রহমান বারবার ছুটে গেছেন। আমাদের কোনও অর্থমন্ত্রী প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে যাননি। বাজেটের আগেও যাননি।’
মঙ্গলবার (৯ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথসভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে জামিন দেওয়া হচ্ছে না, বিএনপির এমন দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কারণটা আইনগত, রাজনৈতিক নয়। বিএনপি সব কিছুতে রাজনৈতিক গন্ধ পায়। আইনি লড়াই তারা ঠিকমতো করেনি। মাসের পর মাস, এমনকি বছর কেটে গেছে তাকে (খালেদা জিয়া) আদালতে উপস্থিত হতে দেননি, জামিনও চাননি। তারা আইনি লড়াইয়ে ব্যর্থ। এই শহরে খালেদা জিয়ার জন্য দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল করেছে, এমন প্রমাণ আমাদের সামনে নেই।’
তিনি বলেন, ‘বিএনপি নিজেরা আন্দোলনে ব্যর্থ। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে যায়নি। তারা ২০১৮ সালেও কোটাবিরোধী আন্দোলনে ভর করেছিল। এখন আবার শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে সরকার হটানোর দুরভিসন্ধি বাস্তবায়ন করতে চায়। তাদের অশুভ তৎপরতা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।’
আগস্ট মাসে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শোকের মাস আগস্টে আবার ফিরে এসেছি। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১ আগস্ট থেকে আমরা মাসব্যাপী কর্মসূচি পালন করবো। নেতাকর্মীদের কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের আহ্বান করছি।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।