গণগ্রেফতারের নামে কোনও নিরপরাধ কাউকে যেন অপরাধী সাবস্ত্য কিংবা গ্রেফতার না করা হয়— সে বিষয়ে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কোনও নিরীহ ব্যক্তিকে কোনও অবস্থায় হয়রানি করা যাবে না। গ্রেফতারের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যাতে নিরপরাধ কাউকে ধরে না ফেলেন। এটা যাতে না হয় সে বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’
মঙ্গলবার (৩০ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। শোকের মাস আগস্টের মাসব্যাপী কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এ বৈঠক করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
‘সরকার অসহায় শিক্ষার্থীদের আটক ও নির্যাতন করছে’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। আমাদের জানামতে কোনও নিরপরাধ ব্যক্তিকে আটক করা হচ্ছে না। নিরীহ ও সাধারণ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, সেটা প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’
তিনি বলেন, ‘মির্জা ফখরুলের কাছে সবাই নিরপরাধ, সবাই অসহায়। তাহলে প্রশ্ন— এই ধ্বংসযজ্ঞ চালালো কারা? কারা অগ্নিসংযোগ করলো, রাষ্ট্রের সম্পদ ভষ্মীভূত করলো? বাংলাদেশে নারকীয় ধ্বংসযজ্ঞ কারা চালিয়েছে? আজ কথায় কথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। এ ঘটনা প্রবাহে আমরা আক্রান্ত, আক্রমণকারী ছিলাম না। এখন অপবাদ দেওয়া হচ্ছে। আমাদের হাতে অস্ত্র ছিল না। আজ অনেকেই বলে, আওয়ামী লীগের লোকজন কম ছিল, অনুপস্থিত ছিল। আমি বলতে চাই, দলীয় লোকজনকে অস্ত্র দিয়ে সজ্জিত হয়ে কোথাও অবস্থান নিতে বলা হয়নি। আমরা তো আক্রান্ত হয়েছি। নিরস্ত্ররা সশস্ত্রদের দ্বারা আক্রান্ত হয়েছি।’
সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাহলে কারা এই নারকীয় বর্বরতার আশ্রয় নিয়েছে? তাদের সঙ্গে আপনি (ফখরুল) জাতীয় ঐক্য করছেন। যারা কারাগারের অস্ত্র লুট করেছে তারা কী আপনার বন্ধু ও দোসর?’
মির্জা ফখরুলকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সব তথ্য আমাদের কাছে আছে। কোথা থেকে নির্দেশ এসেছে, উসকানি এসেছে, কোথায় কোথায় বৈঠক করেছে, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সেটা আমরা জানি। সব ষড়যন্ত্র এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট। মিথ্যার বেসাতি করে, আবোল-তাবোল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই।’