কোটা সংস্কার আন্দোলনে পরোক্ষভাবে জড়িয়ে সাংগঠনিক তথ্য পাচারের দায়ে বাংলাদেশ যুব মহিলা লীগের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মনিরা আফরোজ মিম যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।
বুধবার (৩১ জুলাই) যুব মহিলা লীগ সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, গণতান্ত্রিক আদর্শের বিরুদ্ধের শক্তির সঙ্গে পারিবারিকভাবে সম্পৃক্ত এবং সংগঠনের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কার্যনির্বাহী সদস্য মনিরা আফরোজ মিমকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে ‘আদর্শের বিরুদ্ধের শক্তির সঙ্গে পারিবারিকভাবে সম্পৃক্ত এবং সংগঠনের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া’র কথা বলা হলেও সেই শক্তি কারা এবং কী তথ্য, কোথায় পাচার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রীক দলীয় তথ্য বাইরে পাচার করেছেন তিনি।
এ ব্যাপারে বহিষ্কৃত নেত্রীর বক্তব্য পাওয়া যায়নি।