আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জামায়াত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।’
শুক্রবার (২ আগস্ট) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
আন্দোলনের নামে জামাত-শিবিরের ‘পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার’ নিন্দা জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘দেশবিরোধী এই অপশক্তির তৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।’
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘আজ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যে সন্ত্রাস ও সহিংসতা করেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
‘এরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা করেছে। এরা খুলনায় পুলিশ বাহিনীর সদস্যদের ওপর হামলা করে পুলিশের এক সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে।’