আ.লীগের শোক মিছিল কর্মসূচি স্থগিত

কারফিউয়ের কারণে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতাও স্থগিত করার ঘোষণা দিয়েছে দলটি। রবিবার (৪ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোক মিছিলটি হওয়ার কথা ছিল। গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওইদিন বলেন, ‘একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনোরকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি।’

তিনি বলেন, ‘রবিবার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবো।’

উদ্ভূত পরিস্থিতিতে কর্মসূচিতে এই কর্মসূচি স্থগিত করলো ক্ষমতাসীন দল। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতাও স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান সই করা বার্তায় বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী আজ সোমবার (৫ আগস্ট)। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা।

এ উপলক্ষে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সোমবার সকাল ৭টায় ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল সাড়ে ৭টায় বনানী কররস্থানে চিরনিদ্রায় শায়িত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার ঘোষণা দিয়েছিল। পরে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচিও ছিল।