কুমিল্লায় খালেদার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে এক কোটি টাকার মানহানি মামলা হয়েছে। মামলাটি করেছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও মুরাদনগর উপজেলার ছাত্রলীগ শাখার সহ-সম্পাদক শরিফুল আলম চৌধুরী।
বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২ জুনের মধ্যে কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার দুপুরে আদেশ দেন। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলি আদালতের বিচারক ফাহাদ বিন আমীন চৌধুরী এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এসটি আহমেদ ফয়সাল।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশে খালেদা জিয়া তার ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের মামলার নথিতে উল্লেখ করা ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩০০ মিলিয়ন ডলার জমা আছে। তার এ বক্তব্যে জয়ের ব্যাপক মানহানি হয়েছে।
এ কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একমাত্র আসামি করে কুমিল্লার আদালতে মানহানি মামলা করেছেন শরিফুল আলম।

/এসটি/এজে