শেখ হাসিনার আশীর্বাদেই জঙ্গিবাদের উত্থান: রিজভী

রুহুল কবীর রিজভীবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদেই এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। দেশব্যাপী বিশেষ অভিযানের নামে গণগ্রেফতার এবং বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার মূল লক্ষ্য মানুষের মনে জঙ্গিবাদ নিয়ে ঘন কুয়াশার সৃষ্টি করা, প্রকৃত অপরাধীকে ধরা নয়।’
বুধবার (১৫ জুন) দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের সংবাদ সম্মেলনে রিজভী এসব অভিযোগ করেন।  তিনি আরও বলেন, ‘নির্মম সত্য হলো শেখ হাসিনা শুধু গণতন্ত্রকেই ঘৃণা করেন তাই নয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি দেশব্যাপী জঙ্গিবাদের পরিচর্যা করেন।  সেজন্যই এখন দেশব্যাপী জঙ্গিদের নির্দয় হত্যালীলা চলছে এবং তারা অবাধে দেশের সর্বত্র চলাচল করছে।’
রিজভী বলেন, বর্তমানে চলমান জঙ্গিবাদবিরোধী সরকারি অভিযানে সারাদেশে এখন রাজত্ব করছে ভয় আর ত্রাস। রমজান মাসের পবিত্রতাকে অগ্রাহ্য করে এই উদ্দেশ্যপ্রণোদিত অভিযান সারাদেশের মানুষকে উৎকন্ঠিত ও উদ্বিগ্ন করে তুলেছে। অবস্থা দেখে মনে হয়-এই অভিযানে প্রকৃত দুস্কৃতিকারীদের ধরা নয় বরং দেশের ও বিশ্বের মানুষকে বিভ্রান্ত করাটাই মূখ্য উদ্দেশ্য।
রিজভী দাবি করেন, আমাদের জানামতে দেশব্যাপী জঙ্গিদের গ্রেফতারের নামে সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত বিএনপি ও অন্যান্য বিরোধী দলসহ নানা স্তরের প্রায় সাড়ে বারো হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাধারণ ও নিরীহ মানুষের সংখ্যা অসংখ্য।
তার দাবি, এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত উগ্রবাদী জঙ্গিরা গ্রেফতার হয়েছে বলে কারও জানা নেই। পুলিশ দেড়শ’র কাছাকাছি সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে বলে জানালেও প্রকৃত অপরাধ সংঘটনকারীদের ধরতে পেরেছে কিনা তা নিশ্চিত করতে পারেনি। শুধু বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের আটকের সংখ্যাই পঁচিশ শ’র বেশি।
রুহুল কবির বলেন, ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার বছরের পর বছর গ্রেফতার করে সীমাহীন নির্যাতনের একটি পন্থা বেছে নিচ্ছে। এ কারণে প্রকৃত ধারণক্ষমতার চেয়ে এখন প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ কারাগারে বাস করছে। এই অস্বাভাবিক অতিরিক্ত মানুষকে ঠাঁই দেওয়ার ন্যুনতম জায়গাটুকুও কারাগারে নেই।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ঈদের আগে আগে পুলিশের গ্রেফতার বাণিজ্যকে আরও রমরমা করার জন্যই অসহায় সাধারণ মানুষদের আটক করা হচ্ছে বলে মানুষ বিশ্বাস করে।

আরও পড়ুন- 

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ছয়জনের মৃত্যুদণ্ড বহাল, সাতজনের যাবজ্জীবন

জাসদ ভুল করে থাকলে ইতিহাস তার বিচার করবে: ইনু



/এসটিএস/এফএস/