গুলশানের রেস্তোরাঁয় কমান্ডো অভিযান দেরিতে কেন হলো?: খালেদা

খালেদা জিয়াগুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় কমান্ডো অভিযান চালাতে দেরি করা হয়েছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘তারা যখন গেছে, তখন সব শেষ হয়ে গেছে। এত দেরি কেন? এত দেরিতে কেন সে কাজটি করা হলো?’ এটা সরকারের গাফিলতি বা ব্যর্থতা। সরকারের অযোগ্যতার কারণেই এটি হয়েছে। সরকার আজ পর্যন্ত কোনও ঘটনাই ঠিকমতো মোকাবেলা করতে পারেনি।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এই অভিযোগ করেন।
এর আগে তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, দেশের বিশিষ্ট ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কেন সকাল পর্যন্ত অপেক্ষা করা হয়েছে—সে প্রশ্ন তুলে সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ‘ভোরে আমরা কী দেখলাম? মৃত মানুষকেই দেখলাম। আমরা তো কোনও কিছু দেখি নাই যে- বিরাট অপারেশন করে বিরাট একটা সাকসেসফুল করে ফেলেছে।’

খালেদা জিয়া দাবি করেন, আইনের শাসন ও গণতন্ত্রের অভাবে দেশে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। প্রথম থেকেই সরকার ব্যর্থ। সরকারের উচিত ব্যর্থতার দায় নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা থেকে সরে যাওয়া।

বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। এসব নৃশংস ঘটনাগুলো বন্ধ হওয়া দরকার। এক্ষেত্রে সরকারেরই দায়িত্ব বেশি। কিন্তু তারা মানুষকে ঐক্যবদ্ধ করার বদলে ‘ব্লেম গেম’ করছে। সত্যিকার যারা অপরাধী তাদের ধরা হচ্ছে না। সত্যিকার অপরাধীদের না ধরলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এসব মোকাবেলা করার প্রস্তুতি সরকারের আছে কিনা সেটি দেখা দরকার।

/এসটিএস/এএইচ/

আরও পড়ুন

ঈদের নামাজ না পড়ে মানুষ হত্যাকারীরা ইসলামে বিশ্বাসী হতে পারে না