ঐক্যের ডাকে সাড়া না দিলে আরও মূল্য দিতে হতে পারে: নজরুল

নজরুল ইসলাম খানজাতীয় ঐক্যের আহ্বানে ক্ষমতাসীন সরকার সাড়া না দিলে আরও বেশি মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতার জন্য নয়, কিংবা কাউকে ক্ষমতা থেকে সরাতে নয়, দেশ ও দেশের জনগণের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তাই জনগণের সেই ঐক্যের ব্যাপারে ক্ষমতাসীন সরকারের অস্বীকৃতিতে আরও বেশি মূল্য দিতে হতে পারে, যা বিপদজনক হতে পারে।’
রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ মিলাদ মাহফিলের আয়োজন করে।
দেশ সংকটের দিকে যাচ্ছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি চায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। কিন্তু সেদিকে না গিয়ে সরকারপ্রধানসহ ক্ষমতাসীনরা বিরোধীদল দমনে রাজনীতি করছে।’
তিনি বলেন, ‘যাদেরকে আমরা সরকার হিসেবে মানি না, তারপরও দেশ ও জনগণের স্বার্থে তাদের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।’
নজরুল ইসলাম বলেন, ‘সরকারের উচিত খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা। কারণ জনগণের প্রতিরোধ ছাড়া কেবল আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যে কাজ হয় না তার প্রমাণ ইতোমধ্যে দেশবাসী জেনে গেছে।’

‘আগে যত বড় কথা বলা যেতো, এখন পারেন না’ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ উক্তির রেশ ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য যেন ধান ভানতে শিবের গীত। বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে কোনও লাভ নেই। বিএনপি এ ধরনের রাজনীতি করে না।’

আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মোহাম্মাদ শাহজাহান ও খায়রুল কবির খোকন প্রমুখ।


/এসটিএস/এজে/