বিএনপি নেতা সোহেলের খোঁজ পাওয়া যাচ্ছে না, দাবি রিজভীর


রিজভীর সংবাদ সম্মেলনবিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল সিলেট থেকে ফেরার পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, 'সিলেট থেকে ফেরার পর সোহেল কোথায় আছেন আমরা জানি না। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট মামলার রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে প্রায় এক হাজার ১০০'র বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।' অন্যায়ভাবে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে সরকার তার স্বৈরাচারী ও গণতন্ত্রবিনাশী ইচ্ছা পূরণ করছে। সরকার রাষ্ট্রীয় শক্তিকে আয়ত্তে নিয়ে আলোচনা-সমালোচনা, সমাবেশ, ঘরোয়া বৈঠক, চলাচল এমনকি ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে।’
তিনি আরও বলেন, সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারতের জন্য সিলেটে যান। এটি ছিল তার সম্পূর্ণভাবে ব্যক্তিগত সফর, মাজার জিয়ারত যা ধর্মীয় অনুষ্ঠান। সরকারি বাহিনীগুলোর আক্রমণে বিএনপি নেতাকর্মীদের ক্ষত-বিক্ষত করা হয়, মৃত্যু ভয়ে উর্ধ্বশ্বাসে কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করলে তাকে টেনে হিঁচড়ে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়।
আওয়ামী লীগ গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গণতন্ত্র শূন্য দেশে প্রতিযোগিতামূলক নির্বাচনকে আটকিয়ে রাখতেই পুলিশকে ক্ষমতাবান করা হয়েছে। আর পুলিশ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সরকারের নিষ্ঠুর শাসনের সঙ্গী হিসেবে নিপীড়ণ যন্ত্রে পরিণত হয়েছে।’