‘আমি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক। এত ধাক্কাধাক্কি আর ভালো লাগে না। আর আসবো না জেলগেটে।’ শুক্রবার পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ফটকে দলীয় নেতাকর্মীদের ধাক্কাধাক্কির একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা বিরক্তি প্রকাশ করে এসব কথা বলেন।
পরে বাদ জুমা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে ব্যারিকেডের সামনে একত্রিত হন। কারা ফটকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া-মোনাজাত করা হয়। এ সময় খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও কারামুক্তি এবং তারেক রহমানের জন্য দোয়া করা হয়।
মোনাজাত শেষে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া আমাদের মা। আমরা জানি না আমাদের নেত্রী, আমাদের মা কেমন আছেন। তিনি গণতন্ত্রের নেত্রী। গণতন্ত্রের প্রাণ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তাকে চারদিন কোনও ডিভিশন দেওয়া হয়নি। আমরা চাই তিনি আমাদের মাঝে ফিরে আসুক।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত ভবনে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।’
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, সিনিয়র সহ-সভাপতি মেহেরুন নেছা, যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক শামসুন নাহার বেগম, বংশাল থানা মহিলা দলের সভাপতি ফেরদৌসি কবির মিনা, দক্ষিণ সিটির কাউন্সিলর হোসনে আরা, নাসরিন পুতুল প্রমুখ।
আরও পড়ুন: কারা ফটকের সামনে খালেদা জিয়ার জন্য দোয়া