মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের ফটকে যান ছাত্রদলের নারীনেত্রী ও কর্মীরা। সেখানেই কারাবন্দি আছেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফল নিয়ে তাকে দেখতে আসেন ছাত্রদলের নারীনেত্রী ও কর্মীরা।
কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘আপনারা অনুমতি নিয়ে আসেন। আমাদের কিছু করার নেই।’ পরে কারাগারে প্রবেশের জন্য অনুমতি নিতে জেলগেট থেকে আইজি প্রিজনের অফিসে যান ছাত্রদলের মহিলা নেত্রী ও কর্মীরা।
সংগঠনের সহ-সভাপতির নেতৃত্বে এ সময় আরও ছিলেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিনুর নার্গিস, শওকত আরা ঊর্মি, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমা আক্তার কেয়া, শাহিনুর সাগর ও নাদিয়া পাঠান পাপন, ছাত্রী বিষয়ক সম্পাদক তাহমিদা মজিদ উষা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার, ঢাকা মহানগর মহিলা দলের সম্পাদিকা হামিদা বেগমসহ অনেকে।