নয়াপল্টনে বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ, আটক ৩

বিক্ষুব্ধ নেতাকর্মীরাঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডে সদ্য ঘোষিত কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।

এ সময় পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশ। তবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

এ সময় দায়িত্ব পালনরত দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আব্দুল আলীমকে আটক করে পুলিশ। পরে অন্য সাংবাদিকদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি অভিযোগ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সেখানে তারা বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এমএ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান কোনও নেতাকর্মীর সঙ্গে আলোচনা না করে নিজেদের লোকদের কমিটিতে স্থান দিয়েছে। যা আগামী দিনের আন্দোলন সংগ্রামে প্রভাব পড়বে।

এ সময় ঘোষিত কমিটি স্থগিত করে দ্রুততম সময়ে আবার কমিটি গঠন করারও দাবি জানান পদবঞ্চিতরা ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানসহ মহানগর উত্তরের শতাধিক নেতাকর্মী।

এদিকে পদবঞ্চিতদের একটি অংশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন।

প্রসঙ্গত, গত ৪ মে রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৫টি থানা এবং ৫৮ ওয়ার্ডের কমিটি করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব কমিটিতে নেতাদের পকেটের লোকেরা স্থান পেয়েছে।