খালেদা জিয়ার সাক্ষাৎ পাননি পরিবারের সদস্যরা

 গাড়ি থেকে নামানো হচ্ছে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার ( ৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে খালেদা জিয়ার স্বজনেরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) যান। সেখানে তারা সোয়া ৯টা পর্যন্ত অপেক্ষা করেও খালেদা জিয়ার সাক্ষাৎ পাননি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, তার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের পাঁচ সদস্য দেখা করতে গিয়েছিলেন। কিন্তু তারা সোয়া ২ ঘণ্টার মতো অপেক্ষা করেও সাক্ষাৎ করতে না পেরে ফিরে গেছেন।’

প্রসঙ্গত, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন। এর আগে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ৮ ফেব্রুয়ারি থেকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ছিলেন।