এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘মহাসচিবের হাত থেকে দলের প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছেন জিএম সিরাজ। এই চিঠি তিনি রিটার্নিং অফিসারকে দেবেন।’ তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদেই জিএম সিরাজ চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।’
গোলাম মোহাম্মদ সিরাজ জানান, সোমবার রিটার্নিং অফিসারের কাছে মহাসচিবের দেওয়া দলীয় মনোয়ননের চিঠি পৌঁছে দেবেন।
বগুড়ার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানান, বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ২৭ মে যাচাই-বাছাইকালে বগুড়া পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ না করায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান এবং দাখিল করা মোট ভোটারের এক শতাংশের তালিকা ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী জাফর আলী ও আবুল হাসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। পরে আবুল হাসান আপিল করলেও তা খারিজ হয়ে যায়।
মাহবুব আলম শাহ্ আরও জানান, বর্তমানে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ ও রেজাউল করিম বাদশা, আওয়ামী লীগের এসএমটি জামান নিকেতা, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও মিনহাজ মন্ডল বৈধ প্রার্থী। সোমবার (৩ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।