গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতালে বিএনপির নৈতিক সমর্থন



গ্যাসের দাম বৃদ্ধিগ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। শুক্রবার (৫ জুলাই) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বামদলে যারা আছেন, তারা আগামী ৭ জুলাই হরতাল আহ্বান করেছেন। আমরা এই হরতালের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি।’ তিনি আরও জানান, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ১ জুলাই জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, আগামী ৭ জুলাই (রবিবার) দেশব্যাপী আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘সারাদেশের মানুষ এই গ্যাসের মূল্যবৃদ্ধিতে ইফেক্টেড হয়েছে। সেই কারণে এটা একটা যৌক্তিক হরতাল বলে আমরা মনে করি। তাই এই হরতালে নীতিগত সমর্থন জানাচ্ছি।’

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ৩০ জুন সব ধরনের গ্রাহক পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। গ্যাসের এই বাড়তি দাম ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

ইতোমধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা এই হরতালের কর্মসূচিকে ড. কামাল হোসেনের গণফোরাম, আসম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, মাওলানা মুহাম্মদ ইসহাকের খেলাফত মজলিস সহ রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘গ্যাসের এই মূল্যবৃদ্ধির ফলে সমগ্র অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। সেটি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলেই স্থায়ী কমিটি মনে করে। এতে প্রত্যেকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, সামগ্রিকভাবে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।’ তিনি আরও বলেন, ‘জনগণের সর্বস্তর থেকে এই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ হয়েছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে, নিন্দা ও প্রতিবাদ করেছে। কিন্তু সরকার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করেনি।’

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি আর কোনও কর্মসূচি দেবে কিনা, এমন প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, ‘আমরা কর্মসূচি দিয়েছি। বামদলের কর্মসূচিতে সমর্থন দিলাম। এরপর আমরা চেষ্টা করবো, যদি অন্য কোনও কর্মসূচি দেওয়া যায়।’

বিকাল ৪টা থেকে দুই ঘণ্টা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।