কারা বাংলাদেশের সন্তান, তা দেশবাসীর অজানা নয়: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী‘জিয়াউর রহমান, খালেদা জিয়া বাংলাদেশের মাটির সন্তান নয়’−প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘জিয়া ও খালেদা জিয়াই সত্যিকারের দেশপ্রেমিক। কেননা জিয়াউর রহমানই দেশের ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে রক্ষা করেছিলেন। কাজেই কে বা কারা বাংলাদেশের মাটির সন্তান তা দেশবাসীর অজানা নয়।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

৫ ফেব্রুয়ারি ইতালি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘জিয়াউর রহমান, এইচএম এরশাদ ও খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আন্তরিক ছিলেন না। কারণ তাদের কারও জন্মই এ দেশের মাটিতে হয়নি।’

রিজভী বলেন, ‘বিপন্ন গণতন্ত্রকে উদ্ধারে দেশনেত্রী খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তিনি এখনও হারানো গণতন্ত্র এবং মানুষের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। কোনও স্বৈরাচারের কাছে তিনি মাথানত করেননি বলেই তিনি আপসহীন নেত্রী।’

খালেদা জিয়া সবসময় দেশের মানুষের পাশেই আছেন জানিয়ে রিজভী বলেন, ‘অবৈধ শাসক গোষ্ঠীর চোখ রাঙানিতে ভীত হয়ে বিদেশ পালিয়ে যাননি।  কিন্তু দেশের মানুষের পাশে না থেকে কে বিদেশ পালিয়েছেন কিংবা কার সন্তান কোথায় বিয়ে করেছেন বা কীভাবে আছেন তা দেশবাসী ভালোভাবেই জানে।’

কয়েকদিন আগে অর্থমন্ত্রী বলেছেন, তিনি বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘অর্থমন্ত্রীর এই কথা চিরকুটে লিখে রাখলাম। হাসতে হাসতে হার্টফেল করলে অর্থমন্ত্রী দায়ী থাকবেন। অর্থমন্ত্রী এই বক্তব্যের পরের দিনই আবার বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ।’

তিনি বলেন, স্বীকৃত এক  নম্বর অর্থমন্ত্রী মুস্তফা কামাল সাহেব দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছেন। আসলে গণতন্ত্র ধ্বংসকারী মন্ত্রীদের মুখে এ ধরনের অবান্তর বক্তব্যই মানায়।