পাপুলের আসনে প্রার্থী দেবে না বিএনপি

কুয়েতে মানব পাচারের অভিযোগে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের আসনে প্রার্থী দেবে না বিএনপি।

শনিবার (১৩ মার্চ) বিকালে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রবিবার (১৪ মার্চ) দলের দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরের-২ আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়ার বিষয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু নির্বাচন কমিশন সকল প্রকার নির্বাচন পরিচালনায় অযোগ্যতার পরিচয় দিয়েছে এবং সরকার নির্লজ্জ্বভাবে সকল নির্বাচনে বেআইনী হস্তক্ষেপ করছে সেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপাতত: এই সকল নির্বাচনগুলিতে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের দেওয়া ‘বাংলাদেশে ইমেজ’ সংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সাক্ষাৎ করে আরও আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে সাক্ষাতের জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

উল্লেখ্য গত ৭ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘দেশের ইমেজ সবার আগে। লেখেন, কিন্তু এরকমভাবে কিছু করবেন না, যা একজন শিক্ষিত মানুষের জন্য শোভা পায় না।’

বিএনপির স্থায়ী কমিটি জানিয়েছে, সম্প্রতি প্রধান বিচারপতি বাংলাদেশের ইমেজ ক্ষুণ্নের বিষয়ে মতামত প্রদান করেছেন। বাংলাদেশের বর্তমান ভোটাধিকার লুণ্ঠন, মানবাধিকার হরণ ও অগণতান্ত্রিক পরিবেশের প্রেক্ষিতে ‘বাংলাদেশের ইমেজ’ সম্পর্কে প্রধান বিচারপতির বক্তব্যের বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্যে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সভা মনে করে সংবিধানের ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব এ বিষয়ে সঠিক অবস্থান গ্রহণ করা।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে  ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়,  ড. আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রক্রিয়ায় বিরোধিতা ও সমালোচনা করা হয়। এছাড়া, স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ সিঙ্গাপুরে অত্যান্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সভায় তার আশু রোগ মুক্তি কামনা করা হয় সভায়।