‘খালেদা জিয়া সুস্থ নন, তবে রক্তে সংক্রমণ নেই’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একেবারে সুস্থ গেছেন তা নয়, ভালনারেবল অবস্থায় আছেন। তার (খালেদা জিয়া) হার্ট ও কিডনি ঝুঁকির মধ্যে আছে।’ তবে খালেদা জিয়ার রক্তে এখন সংক্রমণ নেই বলে জানান তিনি।

শুক্রবার (৪ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বৃহস্পতিবার করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। গত ৩ মে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ম্যাডামকে গতকাল বিশেষ একটি কেবিনে স্থানান্তর করা হয়েছে। কারণ, ম্যাডাম যে কেবিনে ছিলেন, সেখানে তার কোভিড-পরবর্তী কিছু প্রতিক্রিয়া হয়েছিল। শরীরে কিছু রিঅ্যাকশন দেখা দিয়েছিল।’

তিনি বলেন, ‘ম্যাডামের রক্তে কিছুটা সংক্রমণ হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ডাক্তারদের বিচক্ষণতা ও আন্তরিকতায় সেই সংক্রমণ দূর হয়েছে। যেহেতু ওখানে (সিসিইউ) সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সে কারণে তাকে এখন বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে খালেদা জিয়ার। ১৫ এপ্রিল সিটি স্ক্যান করান তিনি। পরে অক্সিজেন জনিত সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। ২৮ এপ্রিল ব্যক্তিগত ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে ৫ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে লিখিত চিঠি দেন খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার। যদিও সরকার তাতে এখনও সাড়া দেয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।