খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির ‘গণঅনশন’ 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশনে বসেছে দলের নেতাকর্মীরা। করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির পর এই প্রথম মাঠের কর্মসূচিতে গেলো দলটি।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই গণঅনশন কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশ নিয়েছেন। সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। 

শনিবার সকাল ৯টার আগেই নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। তাদের এ অবস্থান বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। আশপাশের সড়কগুলোতে যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে।

বিএনপির-গণঅনশন-2

ঢাকার মতো দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতেও সকাল ৯টা থেকে অনশন কমর্সূচি পালিত হচ্ছে, বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। 

এর আগে গত বৃহস্পতিবার বিকালে ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে’ জানিয়ে তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির মহাসচিব। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে এই প্রথম কমর্সূচি পালন করছে দলটির। 

এদিকে বিএনপির কর্মসূচি উপলক্ষে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ

নয়া পল্টনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। স্থায়ী কমিটির নেতাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।