সরকার পতনে দলের রাজনৈতিক কৌশল পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং ‘অগ্নিঝরা মতিহার ও রিজভী আহমেদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, ‘এই সরকার ফ্যাসিবাদী সরকার। এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়বাদী ঐক্যের যে রাজনীতি সেটার কৌশল পরিবর্তন প্রয়োজন। সেই কৌশলের পরিবর্তন যদি না হয়, তাহলে আন্দোলনে আমরা সফল হতে পারবো না।’
তিনি বলেন, ‘এই স্বৈরাচারী সরকারের রূপটা ফ্যাসিবাদী হয়ে গেছে। এই যে ফ্যাসিবাদ আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের একটা মৌলিক পার্থক্য আছে। এই পার্থক্য অনুধাবন করে রাজনৈতিক কর্মসূচি দিতে না পারলে আমরা সফলতা অর্জন করতে পারবো না।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমরা বিরোধী রাজনৈতিক দল হিসেবে সংবিধান অনুযায়ী সরকারের সমালোচনা, মিছিল এগুলো করবো। কিন্তু এগুলো দিয়ে কি সরকারের পরিবর্তন আসবে? পরিবর্তন ছাড়া কি খালেদা জিয়া আজকে যে অবস্থায় আছেন সেখান থেকে মুক্ত হবেন? এই প্রশ্নগুলো যখন আমাদের সামনে ভালোভাবে আসবে, তখন আমরা করণীয় নির্ধারণ করতে পারবো এবং সেই কার্যক্রমে এক সুসংগঠিত নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া ও বাংলাদেশ পিঠোপিঠি ভাইবোন হয়ে গেছে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত মা তার সন্তান হারিয়েছে কি উত্তর কোরিয়ার সঙ্গে পিঠোপিঠি ভাইবোন হওয়ার জন্য? কিন্তু আজ আমরা তাই দেখতে পাচ্ছি।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়ার বাঁচা-মরা আল্লাহর হাতে। চিকিৎসা দেবেন আপনি। কোনও কারণে যদি আপনি চিকিৎসা দিতে ব্যর্থ হন, তাহলে সৃষ্ট পরিস্থিতি দায় আপনাকে নিতে হবে।’
রুনেসার সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।