পৃথিবীর কোনও দেশে চিকিৎসার জন্য আন্দোলন করতে হয় এমন কথা কখনও শুনিনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিএনপি সমর্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স জোট আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, পৃথিবীর কোনও দেশে সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হয় এমন কথা কখনও শুনিনি, দেখিওনি। কোনও সভ্য দেশে নাগরিকদের সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হয় এটা অস্বাভাবিক। স্বাধীনতার ৫০ বছরে এসে ক্ষমতার জোরে একটি দেশকে অসভ্য দেশে পরিণত করা হচ্ছে। দেশের তিন বারের প্রধানমন্ত্রীকে অসুস্থ অবস্থায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। এটিকে কিভাবে স্বাভাবিক বলা যায়।
তিনি বলেন, আমরা গণতান্ত্রিক রাজনীতি করি বলে আজকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করছি। চিঠি দিচ্ছি, সাক্ষাৎ করছি, মিছিল করছি, অনশন করছি, মানববন্ধন করছি।
তিনি আরও বলেন, আপনারা যদি আমাদের গণতান্ত্রিক আচরণ গ্রাহ্য না করেন তাহলে যারা খালেদা জিয়াকে ভালোবাসেন তারা যে কি করবে আমরা তা জানি না। আমরা দেশে বিশৃঙ্খলা চাই না বলে আমরা তাদের অনুরোধ করছি। সরকারকে বলি মানবিক হোন, দানবিক হবেন না। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ সংগঠনের একাধিক নেতা।