বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে মাথা না ঘামিয়ে আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের ওপর সবার জোর দেওয়া উচিত।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা সেগুনবাগিচায় ‘স্বাধীনতা হলে’ বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘নির্বাচন কমিশন গঠনের তামাশা এবং নিরপেক্ষ নির্বাচনের বাস্তবতা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘নির্বাচন কমিশন হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন’ মন্তব্য করে আমির খসরু বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে কোনও কথা বলতে চাই না। নির্বাচন কমিশন কোনও ফ্যাক্টর না। এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করে কোনও লাভ হবে না। নির্বাচন কমিশন হচ্ছে ভোট চোর আওয়ামী লীগের সহযোগী সংগঠন। সহযোগী সংগঠন নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আপনাকে আগে চোরকে ধরতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘দেশে দুটি জিনিস পরিবর্তন করতে হবে। হাসিনার বদলে কেয়ারটেকার সরকার, ইভিএমের বদলে ব্যালট পেপার। এটাই এখন স্লোগান। কারণ, এই দুটো পরিবর্তন করতে পারলে সবকিছুর সমাধান হবে।’
তিনি বলেন, ‘যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে, আপনারা যদি তাদের সহযোগী হয়ে যান, তাহলে পরবর্তীকালে জনগণের চোখে শত্রু হয়ে যাবেন। আর একবার শত্রু হয়ে গেলে জনগণের কাছে আপনাদের কোনও গ্রহণযোগ্যতা থাকবে না।’
সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর প্রমুখ।