দুর্নীতি ও অডিও ফাঁস তদন্তের দাবিতে দুদকে বিএনপি

দুর্নীতি ও অডিও ফাঁস তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগপত্র দিয়েছে বিএনপি। সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই পত্র দুদকে জমা দেওয়া হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দুদক প্রধান কার্যালয়ে কমিশনের সচিব মাহবুব হোসেনের হাতে এই অভিযোগপত্র তুলে দেন।

বিএনপির দেওয়া অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের একটি কথোপকথনের অডিও অনলাইনে ফাঁস হয়েছে। এই কথোপকথনের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার করে বিচার বিভাগকে প্রভাবিত করা হয়েছে। এটি দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭-এর ৫(২) ধারা সংশ্লিষ্ট অপরাধ উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে দুদকের কাছে দাবি জানানো হয়।

এছাড়া খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতাশেম বাবর দুই হাজার কোটি টাকা পাচার করেছে অভিযোগে করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে অভিযোগে।

এতে বলা হয়, দেশ থেকে গত পাঁচ বছরে লাখো কোটি টাকা পাচার হয়েছে। এর সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ পাচার হওয়া অর্থ ফেরত আনাতে হবে। একইসঙ্গে দুর্নীতিবাজদের বিষয়ে তথ্য-উপাত্তসহ তালিকা প্রকাশ করতে দুদকের কাছে দাবি জানানো হয়েছে।

দুদকে অভিযোগ জমা দেওয়ার পর বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, ‘আমরা সুনির্দিষ্ট দুটি বিষয় নিয়ে দুদকে এসেছি। সম্প্রতি আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের কথোপকথন ফাঁস হয়েছে। এই কথোপকথন অত্যন্ত স্পর্শকাতর। সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। অযথা সেই বিষয়টির বিষয়ে তদন্ত করতে বলেছে।’

কথোপকথন সংক্রান্ত বিভিন্ন দলিল ও একটি পেনড্রাইভে সেই অডিওটি দেওয়া হবে বলে জানান তিনি।

হঠাৎ করেই দলীয়ভাবে দুদকে অভিযোগ দেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা দুদককে বলেছিলাম নিয়মিত আপনাদের সাহায্য করবো। সেই দায়বদ্ধতা থেকে আমরা অভিযোগ দিয়েছি।’

বিএনপির অভিযোগ জমা দেওয়া প্রসঙ্গে দুদক সচিব মাহবুব হোসেন জানান, উনারা কয়েকজন (বিএনপি নেতা) একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছেন। যে কেউ আমাদের কাছে অভিযোগ করতে পারেন। এটা রেজিস্টারে রিসিভ করা হয়েছে। দুদক আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।