বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ভূপেন হাজারিকা বলেছেন, মানুষ মানুষের জন্য; আর শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য। এতে বোঝা যায় আওয়ামী লীগ জনগণের জন্য নয়। যদি জনগণের জন্য হতো, তাহলে হাজারও নারকীয় ঘটনা প্রতিদিন পত্রিকায় আসতো না।’
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে নিউ মার্কেটের ঘটনায় বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে এক সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা এই সমাবেশের আয়োজন করেন।
গয়েশ্বর বলেন, ‘মানুষের দুঃখ-দুর্দশা সব অগোচরে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে হয়তো কিছু কিছু মানুষের সামনে আসে, কিন্তু পত্রিকার পাতায় ঠাঁই পায় না। কারণ সরকার জানে এগুলো পত্রিকায় ঠাঁই পেলে পৃথিবীতে তাদের ঠাঁই হবে না।’
ছাত্রলীগ সম্পর্কে তিনি বলেন, ‘তাদের হেলমেটবাহিনী আছে। জনগণ হাতুড়িবাহিনী গড়ে তুললে তাদের পরাজয় নিশ্চিত।’
জনগণ বিএনপিকে আন্দোলনে দেখতে চায় মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘টেলিভিশনের পর্দায় মানুষ আমাদের দেখে সন্তুষ্ট নয়। মানুষ চায় আমরা রাস্তায় মোকাবিলা করি।’
বিএনপির গণতান্ত্রিক আন্দোলন চলমান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘ঈদের আগে বা পরে নয়, বিএনপির আন্দোলন চলমান। কখনও তা গতিময়, কখনও ধীরে হয়। কখনও থেকে থেকে অপেক্ষা করতে হয়। এইটা যুদ্ধের নিয়ম।’
ঢাকা কলেজের সাবেক ভিপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু’র সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।