হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে বিজেপি নেতাদের ‘অবমাননাকর’ বক্তব্যের জন্য ঢাকায় ভারতীয় দূতাবাসকে তলব এবং সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। রবিবার (১২ জুন) সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি জানান।
এক টেলিভিশন বিতর্কে নবী মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি নেতা নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের পর ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত উত্তেজনা, অস্থিরতা দেখা গেছে। সে সময় নূপুর শর্মা বিজেপির মুখপাত্রের দায়িত্বে ছিলেন।
বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন কুমার জিন্দালও বিতর্কিত এই ইস্যুকে কেন্দ্র করে টুইটারে উসকানিমূলক পোস্ট দেন।
সংসদে হারুন বলেন, ‘আমরা সকলেই জানি, সারা পৃথিবীতে আমাদের মহানবী (সা.)-কে নিয়ে ভারতে যে কটূক্তি হয়েছে, তার প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশেও হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়—আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সার্কের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি—সরকারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও প্রতিবাদ, প্রতিক্রিয়া দেখতে পাইনি। আমরা আশা করবো—এ ব্যাপারে অবশ্যই সংসদে একটি নিন্দা প্রস্তাব আনতে হবে। এ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা-স্থিতিশীলতার জন্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যতম শর্ত, যেহেতু সার্কে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসকে তলব করা দরকার এবং আজকে সারা মুসলিম বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, আমাদের প্রতিবাদ হওয়া উচিত। নিন্দা প্রস্তাব আনা দরকার। ভারতীয় দূতাবাসকে তলব করে কড়া প্রতিবাদ জানানো দরকার।’