রিজভী বলেন, ভোটারবিহীন গদি আটকে রাখা শাসকগোষ্ঠী দেশকে চরম অরাজকতার লীলাভূমিতে পরিণত করেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিরোধী দল নির্মূল করার অভিযানে লেলিয়ে দিয়ে তাদের বুকের মাপটা বড় করে দেওয়া হয়েছে। সরকারের এজেন্ডা বাস্তবায়নে সদাতৎপর র্যাব-পুলিশ এখন সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করছে। চাঁদাবাজি, জুলুম, নিরীহ মানুষকে আটক করে পকেটে ইয়াবা ঢুকিয়ে মামলা দেওয়ার ভয় দেখানো, ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, আদায় না হলে হত্যা করার মতো পৈশাচিক অপকর্মে লিপ্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা।
সম্প্রতি মিরপুরের চা দোকানি বাবুল মাতব্বরের গায়ে আগুন লাগিয়ে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী। তিনি বলেন, এই অবৈধ সরকারের অন্তর্লোকজুড়ে অপরাধের চেতনা। সেখানে ন্যায়, সভ্যতা, সুবিচারবোধ বলে কিছু নেই। জবাবদিহিতাহীন সরকারের কোনও নৈতিকতাবোধ থাকে না। অপরিণামদর্শী অপকর্মই এ এ সরকারের প্রধান বৈশিষ্ট্য। সরকার দেশটাকে অপরাধ জগতে পরিণত করেছে।
/এসটিএস/এমএনএইচ/