৩১ জুলাই ভোলায় দলীয় কর্মসূচিতে পুলিশের হামলা, একজন কর্মীর মৃত্যু ও সামগ্রিক পরিস্থিতি উদ্ঘাটনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দলনেতা করে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটিকে সরেজমিন তদন্ত করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে এ কথা বলা হয়।
বুধবার (৩ আগস্ট) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, গঠিত টিমকে পুলিশের গুলিতে নিহত আবদুর রহিমের পরিবার, আহতদের খোঁজ খবর নেওয়া এবং প্রকৃত বিষয়টি উদ্ঘাটনে অনুরোধ করা হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বাধীন এ কমিটিতে বাকি সদস্যরা হলেন, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদীন, জহির উদ্দিন স্বপন, বিলকিস জাহান শিরীন, এ বি এম মোশাররফ হোসেন, আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, মোস্তাফিজুর রহমান, সাইফ মাহমুদ জুয়েল।