বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর অভিযোগ করেছেন, একাত্তরের লক্ষ্য থেকে সম্পূর্ণরূপে সরে গেছে সরকার। তিনি বলেন, ‘আজকে মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে আজকে জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণের যে কাজ ছিল তা স্মরণ করতে চাই। অর্থাৎ আমরা ’৭১ সালে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমান যুদ্ধ করেছিলাম। লক্ষ্য ছিল একটি সুস্থ ও মুক্ত সমাজ গড়ে তুলবো, গণতান্ত্রিক সমাজ গড়ে তুলবো, সেই লক্ষ্য থেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে নিয়ে গেছে বর্তমান সরকার।’
শনিবার (২০ আগস্ট) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেছেন বিজন কান্তি সরকার, পরিচালনা করেছেন অমলেন্দু দাস অপু। ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে এই অবস্থার সঙ্গে শ্রী কৃষ্ণের আবির্ভাবের সময়ের বহুলাংশে মিল আছে। একইভাবে আজকে মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দেখছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া— যিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। লক্ষ্য করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে।’
জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নিতাই রায় চৌধুরী, সুকোমল বড়ুয়া, সুব্রত চৌধুরী প্রমুখ।