আন্দোলন ও আইনি লড়াই একযোগে চলবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুন-জখম-হত্যার বিরুদ্ধে অবশ্যই আইনি লড়াই চালিয়ে যাবো। একদিকে রাজপথে আন্দোলন করছি। এটাকে আরও বেগবান করবো। রবিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা জানান। মির্জা ফখরুল জানান, নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওন হত্যায় বিএনপি মামলা দায়েরের আবেদন করেছে।

যদিও বিকেলে বিএনপির করা এই মামলার আবেদন খারিজ করে দেন আদালত।

বিএনপি মহাসচিব বলেন, ‘রাজপথের আন্দোলনে অলরেডি জনগণ সম্পৃক্ত হচ্ছে—এটাতেই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। জনসমুদ্র দেখে তারা ঘাবড়ে গেছে, ভয় পেয়েছে। এজন্য তারা পাল্টা ভয় দেখাতে শুরু করেছে।’

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের গোলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই ঘটনার যেভাবে প্রতিবাদ হওয়া উচিত ছিল, যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল তা হয়নি। এটা সেকেন্ড টাইম হলো। এখন তারা (সরকার) যেটা করবে অ্যাম্বাসেডরকে ডেকে বলবে। পরে বলবে যে শক্ত ভাষায় তাকে বলা হয়েছে।

তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে সমস্যার সমাধান এমনিতে হবে না। সমাধান করতে হলে তাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার জন্য তাকে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। এই আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য সবচেয়ে যেটা প্রয়োজন হেড অব গর্ভমেন্টকেই বিভিন্ন দেশে যেতে হবে। যারা রোহিঙ্গা ইস্যুতে কানেক্টেড—ভারত ও চীন এই দুইটা দেশকে কনভিন্স করতে হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এদিকে মর্টার মারলে ওদিকেও যাতে মর্টার যায়। সে ব্যবস্থা অবশ্যই করতে হবে।