তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ‘সরকারের রাজনৈতিক প্রতিহিংসা’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে গ্রেফতারি পরোয়ারা জারির পর মঙ্গলবার (১ নভেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত তুলে ধরেন মহাসচিব।
স্থায়ী কমিটির সভায় সদ্য প্রয়াত দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দলের নেতা তারেক রহমান সাহেব ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলায় গ্রেফতারি পরোয়ারা জারি করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই। আওয়ামী লীগ সরকার শুরু থেকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এসব মামলা করেছে। উদ্দেশ্য একটাই, এসব মামলা করে তাদের বাংলাদেশ থেকে দূরে সরিয়ে রাখা, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার একটা প্রচেষ্টা মাত্র।’
তিনি বলেন, ‘আমরা এই গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই গ্রেফতারি পরোয়ানা ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা— এটা, আতঙ্কটা হচ্ছে পুরোপুরিভাবে জিয়া পরিবার এবং বিএনপির ব্যাপার। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। আপনারা যদি প্রথম থেকে দেখেন, পুরো বিষয়টা বিশ্লেষণ করেন—তাহলে দেখবেন ১/১১ ঘটনা হয়েছে খালেদা জিয়া ও জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য। বলা হয়েছে যে মাইনাস টু।’
মির্জা ফখরুল বলেন, ‘‘সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত অনির্বাচিত প্রধানমন্ত্রীর উক্তি ‘সামনের বছর দুর্ভিক্ষ হতে পারে’ নিয়ে স্থায়ী কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সভা মনে করে, এই উক্তিতে এটা স্পষ্ট প্রতীয়মান হয়, সরকার আপৎকালীন খাদ্য মজুত করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে খাদ্যশস্য আমদানি গত চার মাসে প্রায় ৩৭ শতাংশ হ্রাস পেয়েছে। এটা উদ্বেগজনক।”
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘জেলে দিয়ে কি এই আন্দোলন রোধ করা যায়? এটা সরকারি দলের বেশি জানা উচিত। তাদের নেতাদের পাকিস্তান রোধ করতে পেরেছিল? পারেনি। পারা যায় না।’
সংবাদ সম্মেলনে বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।