সরকার পদত্যাগের ধ্বনি উচ্চারিত হচ্ছে: রিজভী

‘বিরোধী দলগুলো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমি বলবো—ঘোলা পানিতে না, আপনাকে প্রকাশ্যে রাজপথে মানুষ মোকাবিলা করবে। তারা এখন ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ। তাদের উদ্বেল অভিযাত্রায় মিছিলে মিছিলে আপনার পদত্যাগের ধ্বনি উচ্চারিত হচ্ছে।’

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে রিজভী আহমেদ এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আজকে আমাদের সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়েছেন। তারপরও মানুষ হেঁটে, সাঁতরে, সাইকেল নিয়ে চিড়া-মুড়ি বেঁধে নছিমন-করিমন-ভটভটিতে সমাবেশে যাচ্ছেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল সমাবেশ হয়। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় এসময় মহিলা দলের হেলেন জেরিন খান, নায়াবা ইউসুফ, শাহিনুর নার্গিস, মিসেস শামীমা রাহিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।