শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সফল হওয়ায় দলটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ১১টি রাজনৈতিক দল। এদিন রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘২০ দলীয় জোটের মধ্যে আমরা ১১টি রাজনৈতিক দল বিএনপির গণসমাবেশ সফল হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছি। ১১ দলের শীর্ষ নেতারা ২৪ ডিসেম্বর বিএনপি ঘোষিত গণমিছিলে যৌথভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’
বিবৃতি দাতারা হলেন— বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপার সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্য জোটের (একাংশ) চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, এনডিপি চেয়ারম্যান আবু তাহের, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, মুসলিম লীগ মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে (একাংশ) মহাসচিব মহিউদ্দিন ইকরাম ও সাম্যবাদী দলের (একাংশ) সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।