কারাগারে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বাসায় গিয়েছেন দলটির স্থায়ী কমিটির দুই সদস্য। রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জা ফখরুলের উত্তরার বাসায় যান দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং রুহুল কবির রিজভী আহমেদের বাসায় যান স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার সন্ধ্যায় কারারুদ্ধ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় তার সহধর্মিণী রাহাত আরা বেগমের সঙ্গে দেখা করে খোঁজ-খবর নিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। এ সময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।
এরআগে রবিবার বিকালে কারান্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি রিজভীর আদাবরের বাসায় গিয়ে তার স্ত্রী আরজুমান আরা বেগমের সঙ্গে কথা বলেন। এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘কোনও ভয় পাবেন না, রাজনীতিবিদদের জন্য কারাগার নতুন কিছু নয়।’ যেকোনও পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার পরিবারের পাশে আছে বলেও জানান তিনি।
টুকুর সঙ্গে এ সময় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার দুপুরে মির্জা ফখরুলের বাসায় যান স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সন্ধ্যায় গিয়েছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।