ঢাকা বিভাগীয় সমাবেশে গত ১০ ডিসেম্বর ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কাল শনিবার (২৪ ডিসেম্বর) প্রথম কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন রাজধানী ঢাকাসহ দেশের জেলা ও মহানগরগুলোতে অনুষ্ঠেয় এই কর্মসূচিতে অংশ নেবেন দলের সিনিয়র নেতারা। তবে শনিবার ঢাকায় গণমিছিলের কর্মসূচি দেওয়া হলেও পরে আওয়ামী লীগের আহ্বানে তা পিছিয়ে ৩০ ডিসেম্বর নেওয়া হয়েছে। ঢাকায় সেদিন বিএনপিসহ বিরোধী দলগুলো যুগপৎ মিছিল করবে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির দফতরের দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, শনিবারের গণমিছিলে বিএনপির সিনিয়র নেতারা অংশগ্রহণ করবেন। চট্টগ্রামে যাবেন ড. খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় ড. আব্দুল মঈন খান, বরিশালে আমির খসরু মাহমুদ চৌধুরী, ময়মনসিংহে ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া বিভিন্ন জেলার মিছিলে দলের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন।