এ ব্যাপারে জানতে চাইলে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেছেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আমরা পাইনি। এ কারণে আমরা সোহরাওয়ার্দী ও ইঞ্জিনিয়ার্সেই করব। আজ-কালের মধ্যে দায়িত্বশীলরা বসে ফাইনাল করব।
গত সপ্তাহে বিএনপি সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, কাউন্সিল উপলক্ষে একটি প্রস্তুতি কমিটি ও ১১টি উপ-কমিটি করা হয়েছে। এই কমিটিগুলোর মধ্যে এখনও কয়েকটি উপ-কমিটি কাজ শুরু করতে পারেনি কাউন্সিলের ভেন্যু নির্ধারণ না হওয়ায়। তবে যে কমিটিগুলোর কাজ ভেন্যুনির্ভর নয়, সে কমিটিগুলোর কাজ চলছে পুরোদমে।
কাউন্সিলকে সামনে রেখে পুরোদমে প্রস্তুত গঠনতন্ত্র সংশোধন ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটি। এরই মধ্যে প্রকাশনা কমিটির তত্ত্বাবধানে একটি প্রকাশনার ছাপার কাজ শেষ হয়েছে। প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, এবার প্রকাশনার সংখ্যা কম থাকবে। প্রকাশনা উপ-কমিটির সূত্রে জানা যায়, বিগত কাউন্সিলে বিএনপির প্রকাশনা ছিল ১২টি। এবার হবে মাত্র দুটি।
এ নিয়ে জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান সম্প্রতি জানিয়েছিলেন, গতবার ১২টি প্রকাশনা ছিল। এর মধ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয়তাবাদ নিয়ে আলাদা প্রকাশনা ছিল। এবার হবে না। পয়সা কম। এবার কাউন্সিলে দেওয়া ম্যাডামের বক্তব্য, মহাসচিবের রিপোর্ট ও প্রবন্ধ-নিবন্ধ থাকবে। এছাড়া স্বল্প সময়ের কারণেও প্রকাশনার সংখ্যা কম থাকবে, এমনটি জানা গেছে দলীয় সূত্রে।
স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধন উপ-কমিটির দায়িত্বে আছেন। তবে সংশোধনের আগে খসড়া করার দায়িত্ব পালন করছেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। বুধবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তবে ভেন্যু নির্ধারণ না হওয়ায় এখনও কাজ শুরু করতে পারেনি ব্যবস্থাপনা ও প্রচার উপকমিটি। এ কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জানান, ভেন্যু নিশ্চিত হলেই তার কমিটির কাজ শুরু হবে। এ কারণে পোস্টার ছাপানো, স্টেজ নির্মাণ পরিকল্পনাসহ ব্যবস্থাপনার কাজগুলো এখনও শুরু হয়নি। বাংলা ট্রিবিউনকে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি। এটা হলেই আমার কমিটির কাজ শুরু হবে।
একই অবস্থা আপ্যায়ন উপ-কমিটির। এই কমিটির আহ্বায়ক বিএনপির ঢাকা মহানগর কমিটির উপদেষ্টা আবদুল সালাম বাংলা ট্রিবিউনকে জানান, আপ্যায়ন কমিটির কাজ শুরু হবে মূলত কতজনের আয়োজন থাকবে তার ওপর। তবে আশা করছি দুয়েকদিনের মধ্যে এই সংকট কেটে যাবে।
অর্থ-উপকমিটি করা হয়েছে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক করে। এই কমিটির সদস্য হিসেবে চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারের নাম রয়েছে বলে বিএনপির একটি সূত্র জানায়। যদিও আলাপকালে বাংলা ট্রিবিউনকে তিনি জানান, বিষয়টি তিনি জানেন না।
কাউন্সিলে স্বাস্থ্য ও সেবা কমিটির আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেনকে। তাকে একাধিকার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
শুরু হয়নি সাংস্কৃতিক উপ-কমিটির কার্যক্রমও। এই উপ-কমিটির আহ্বায়ক গাজী মাজহারুল আনোয়ারকে করা হলেও এখনও এই কমিটিতে কোনও সদস্য যুক্ত করা হয়নি। এ প্রতিবেদককে মাজহারুল আনোয়ার জানান, হয়তো দুএকদিনের মধ্যে উপ-কমিটিটা করে ফেলব।
কাউন্সিলে কী ধরনের অনুষ্ঠান থাকবে- এমন প্রশ্নে প্রবীণ গীতিকার মাজহারুল আনোয়ার বলেন, একটি কাউন্সিলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যা থাকে, গান, নাচ এই তো। সারা দেশের কাউন্সিলরদের বিনোদনের জন্য সন্ধ্যার পর হয়তো অনুষ্ঠানের সুযোগ থাকবে।
ভেন্যু চূড়ান্ত না হওয়ায় দফতর ও যোগাযোগ উপ-কমিটির কাজও শুরু হয়নি। এই কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী আহমেদ। ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপ-কমিটিগুলোর বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাউন্সিলের কাজ এগিয়ে চলছে। আশা করছি, সফলতার সঙ্গে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
/এসটিএস/এজে/