রাষ্ট্রপতির একটি কথা ভালো লেগেছে মির্জা ফখরুলের

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দেওয়া বক্তব্য সরকারের লিখে দেওয়া বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মহাসচিব জানান, শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া রাষ্ট্রপতির বক্তব্যের একটি বিষয় তার ভালো লেগেছে।

শনিবার (৮ এপ্রিল) বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব কথা জানান। এর আগে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণের দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি, তিনি রাষ্ট্রপতি। কিন্তু সাংবিধানিকভাবেই তার হাতে খুব বেশি ক্ষমতা নেই। আমাদের অতীত তো সুখকর নয়।’

ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন সংসদে বিরোধীদলীয় নেত্রী ছিলেন। তখন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব নিয়ে আমরা গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে উনার সঙ্গে কথা বলতে। তাকে সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনোটাই তিনি ইমপ্লিমেন্ট করতে পারেননি। তার হাতে সেই ক্ষমতা নেই। সুতরাং আপনারা (সাংবাদিকরা) মনে করছেন তিনি সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন। আমরা মনে করছি যে তিনি গতানুগতিক সরকারের লিখে দেওয়া বক্তব্য পাঠ করেছেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘তারপরও আমি বলবো তার একটা কথা আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। তিনি (রাষ্ট্রপতি) বলেছেন যে ‘গণতন্ত্র ছাড়া উন্নয়ন সার্বজনীন হয় না’, এ কথাটা ভালো। তিনি আরেকটা কথা বলেছেন যে ‘সংঘাত দিয়ে, প্রতিহিংসা দিয়ে কখনও গণতন্ত্র প্র্যাকটিস করা যায় না’—এই কথাগুলো ভালো।

মহাসচিব আরও বলেন, ‘যারা প্র্যাকটিস করছেন, তারা নিসন্দেহে বুঝতে পারছেন যে গণতন্ত্রের প্র্যাকটিস তো সেখানে নেই। বরং কী করে গণতন্ত্রকে ধবংস করা যায়, সেটা তারা প্র্যাকটিস করছেন।’