‘গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তির পরিবারের কান্না বৃথা যাবে না’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম-খুন, নির্যাতন-নিপীড়নের শিকার ব্যক্তির পরিবারের কান্না কখনও বৃথা যেতে পারে না। বিজয় আমাদের হবেই।’

বুধবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার’ ব্যক্তিদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ আয়োজন করে বিএনপি। এ সময় এসব পরিবারের সদস্যদের কথাও শোনেন বিএনপি নেতারা। সমবেদনাও প্রকাশ করেন তারা।

‘গুম হওয়া’ বাবার কন্যা সাফার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘সাফার কথা বলার পর আর বক্তব্যের কোনও অবকাশ থাকে না। তার একটি ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখানে গুম-শহীদ হওয়া অনেকের স্বজনরা বলেছেন, অনেক বছর ধরে তারা তাদের ভাইকে, বাবাকে দেখতে পান না; কথা বলতে পারেন না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের লক্ষ্য একদিকে সন্ত্রাস, আরেকদিকে দুর্নীতি। এ দুটো নিয়েই তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। স্বাধীনতাপরবর্তী সময়ে তারা সাদা গাড়িতে লোক তুলে নিয়ে গিয়ে গুম করেছে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, গুম-খুনের মধ্যে তারা চুপ করে বসে থাকবে না। তারা নেমে পড়েছে। ইতোমধ্যে আমাদের সম্মুখে আন্দোলন করতে গিয়ে ১৭ জন প্রাণ দিয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেত্রী শাম্মি আক্তার প্রমুখ।