বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঈদ কাটছে তার গুলশানের বাসাতেই। এবার সঙ্গে পাচ্ছেন তার দুই নাতনিকে। প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই সন্তান জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে ঈদ উদযাপন করবেন বেগম জিয়া।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, ঈদের দিন বিগত কয়েক বছরের রীতি অনুযায়ী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা গুলশানে খালেদা জিয়ার বাসায় যাবেন। ঈদের দিন সন্ধ্যায় ঈদ-শুভেচ্ছা বিনিময় করবেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশা করছি, ঈদের দিন সন্ধ্যায় আমরা ম্যাডামের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাবো।’
খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, রমজানেই ঢাকায় এসেছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান। আর বৃহস্পতিবার (২০ এপ্রিল) এসেছেন তার কন্যা জাহিয়া ও জাফিয়া।