দেশবাসী যেন ভালো থাকে, এমন বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাদের মঙ্গলের জন্য, গণতন্ত্রের জন্য তারা যে কাজ করছে, সে কাজ যেন করে, এমনটাও জানিয়েছেন তিনি।
শনিবার (২২ এপ্রিল) রাতে ঈদুল ফিতর উপলক্ষে খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবন ফিরোজায় সৌজন্য সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা জানান।
বিএনপি মহাসচিব বলেন, তার (খালেদ জিয়া) সঙ্গে সাক্ষাৎকারের সময় পুরো বিষয়টা ছিল দেশবাসী সম্পর্কে জানা এবং দেশের ভবিষ্যৎ সম্পর্কে জানা। তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে অনেক দিন পর। আমরা সবাই তখন আবেগাপ্লুত ছিলাম।
খালেদা জিয়া এখনও বেশ অসুস্থ, এখনও তার চিকিৎসা চলছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি (খালেদা জিয়া) আমাদের কুশল জানতে চেয়েছেন। এর সঙ্গে দলের যারা কারাগারে আছেন, তাদের সম্পর্কে জানতে চেয়েছেন।
দলের নেতাকর্মীদের কষ্ট সম্পর্কেও খালেদা জিয়া যথেষ্ট অবগত আছেন মন্তব্য করে দলের মহাসচিব বলেন, দেশের মানুষের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা, এ সম্পর্কে তিনি অবগত আছেন।
তিনি বলেন, যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তিনি (খালেদা) অবগত আছেন। এখন যে আবহাওয়ার পরিবর্তন, সেটা নিয়েও তিনি কথা বলেছেন।