বিএনপির ধারাবাহিক কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (১৩ মে) বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিগুলো হলো, আগামী ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে জনসমাবেশ। ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর জন সমাবেশ। ২৬ মে ঢাকা উত্তর মহানগরসহ ১৯ জেলা ও মহানগর জনসমাবেশ এবং ২৭ মে ঢাকা দক্ষিণ মহানগরসহ ১৫ জেলা শান্তিপূর্ণভাবে জনসমাবেশের ঘোষণা করেছে দলটি।

এ সময় মির্জা ফখরুল বলেন, মূলত আমাদের দাবি একটাই, তা সরকারের পদত্যাগ। হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না, এটা বিদেশিরাও জানে। এখন হাসিনা সরকারের অধীনে নির্বাচন রুখে দিতে হবে। আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এ জেড এম ডা. জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।