আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি মনে করে, জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সরকারের অধীনে সিটি করপোরেশন নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সোমবার (১৫ মে) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির নেতারা এ অবস্থানে পৌঁছান। মঙ্গলবার (১৬ মে) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত ইতোপূর্বে নেওয়া হয়েছিল। তা বাস্তবায়নের লক্ষ্যে এই সরকারের অধিনে বর্তমান নির্বাচন কমিশনারের পরিচালনায় অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের অংশ গ্রহণ না করার আহ্বান জানানো হচ্ছে।
বিএনপির দাবি, এই সরকারের অধীনে কোনও নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হবে না। সিটি নির্বাচনও একইভাবে সরকার নিয়ন্ত্রিত হবে। এতে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এ সভায় অংশ নেন– ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।