বিএনপি’র দলীয় প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে— বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী আহমেদ জানান, বিএনপির প্যাডের হুবহু ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপি’র সমাবেশ আগামীকাল ১২ জুলাই বুধবারের পরিবর্তে ২২ জুলাই শনিবার ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো যার-যার অবস্থানে থেকে সমাবেশ করবে’— যা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিকর ও জনমনে সংশয় সৃষ্টি করার অপচেষ্টা মাত্র।’
‘সুপরিকল্পিতভাবে সমাবেশকে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা এই অপপ্রচার চালাচ্ছে। আমার ও সৈয়দ এমরান সালে প্রিন্সের স্বাক্ষর দেখিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা ডাহা জালিয়াতি। আমি সুস্পষ্টভাবে আবারও আপনাদের সামনে বলতে চাই— আগামীকাল ১২ জুলাই নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হবে।’ উল্লেখ করেন রিজভী।
তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনও ধরণের অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না। বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে ভীত হয়ে সরকারের পক্ষ থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে।’